বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার অনুমোদন

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৭:২৪ পিএম
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার অনুমোদন

বগুড়া ও এর আশপাশের এলাকাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৪তম বৈঠকে এই খসড়া আইনটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তাবিত এই আইনের মূল লক্ষ্য হলো এলাকাটির ভূ-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং অপরিকল্পিত নগরায়ন রোধ করা। এছাড়া দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এবং নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করাও এই আইনের অন্যতম উদ্দেশ্য। খসড়ায় বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠনের বিধান রাখা হয়েছে, যেখানে একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

নতুন এই আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমোদন বা ছাড়পত্র ছাড়া কোনো ধরনের নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। গণশুনানি ও প্রাক-প্রকাশের মাধ্যমে মহাপরিকল্পনা এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে এই কর্তৃপক্ষ। পাশাপাশি নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ করা হবে। আধুনিক ভূমি ব্যবস্থাপনার জন্য ন্যূনতম ৬০ শতাংশ ভূমিমালিকের সম্মতিতে ল্যান্ড রিডজাস্টমেন্ট এবং ল্যান্ড রিডেভেলপমেন্ট পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাট বা পরিবেশের ক্ষতি করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। আর্থিক দিক বিবেচনায় কর্তৃপক্ষ নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিয়মিত নিরীক্ষার সুযোগ পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...