জুলাই গণহত্যায় জড়িত আ.লীগের বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ পরিচালনাকারী ফ্যাসিবাদী গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গু হওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান।
নুরুল হক নুর তার বক্তব্যে পিলখানা বিদ্রোহ ও শাপলা চত্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, সেনাবাহিনীকে দুর্বল করতেই মেধাবী কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। তিনি খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদের ঘটনাকেও ‘পৈশাচিক’ আখ্যা দেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর মেরুদণ্ডের হাড়ের চোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশোধের পরিবর্তে উদার মনোভাব নিয়ে দেশ পরিচালনা করছেন। তাই ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি গুম-খুন করতে না পারে, সেজন্য রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

