ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৪:৫৮ এএম
ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ। গত সোমবার (১৩ জুলাই) নগরীর ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, সারা দেশে একই ধরনের ঘটনা বেড়ে চলেছে। শুধু একটি প্রতিষ্ঠানের সীমাবদ্ধ নয়, বিভিন্ন আইএসপি মালিককে টেলিফোনে হুমকি দেওয়া এবং দাবি না মেটালে হামলা চালানোর মতো ঘটনা প্রায়ই ঘটছে। এমন পরিস্থিতি চলমান থাকলে ডিজিটাল অবকাঠামোর স্থিতিশীলতা ও সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, ইন্টারনেট বর্তমান সময়ে জাতীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর চালিকাশক্তি। ফলে এই খাতের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আইএসপিএবি সরকারের কাছে চট্টগ্রামের এই হামলার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া এবং দেশব্যাপী আইএসপি নেটওয়ার্ক ও অবকাঠামোর নিরাপত্তা জোরদার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে। অন্যথায় ভবিষ্যতে ইন্টারনেট সেবা সচল রাখা কঠিন হবে বলেও সতর্ক করেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...