জুলাই গণঅভ্যুত্থানের হত্যাযজ্ঞ: আওয়ামী লীগের বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো এই শক্তির বিচার এবং অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে।
প্রতিমন্ত্রী নুরুল হক তার বক্তব্যে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র ও ওয়ান-ইলেভেনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদের হত্যা করেছিল। এছাড়া শাপলা চত্বরে আলেম-ওলামাদের ওপর নির্মম হামলা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাও তুলে ধরেন তিনি। তিনি মনে করেন, সেনাবাহিনী যখনই জনগণের পাশে দাঁড়িয়েছে, তখনই গণতন্ত্রের জয় হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রীর উদারনীতির প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত প্রতিশোধের পথ বাদ দিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দেশ পরিচালনা করছেন। এরপরও ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি গুম-খুন চালিয়ে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন এবং গত ১৭ বছরের আন্দোলনে আহত ও পঙ্গুদের তালিকা করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানান তিনি।

