সংসদে তুমুল বিতর্ক: ওয়াকআউট বিরোধীদলের, কড়া প্রতিক্রিয়া মন্ত্রীর
সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার জাতীয় সংসদে তীব্র উত্তেজনা দেখা দেয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে গণভোটের রায় অগ্রাহ্য করার প্রতিবাদে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউট করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের এই অবস্থানকে আবেগপ্রসূত ও অসাংবিধানিক বলে মন্তব্য করেন এবং সাংসদদের দুই শপথ নিয়ে প্রশ্ন তোলেন।
ওয়াকআউটের পূর্বে আলোচনায় অংশ নিয়ে ড. শফিকুর রহমান জানান, গণভোটে প্রায় ৬৮.৬ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের ফলাফল বাস্তবায়নের জন্য গঠিত হওয়ার কথা ছিল ‘সংবিধান সংস্কার পরিষদ’। কিন্তু সেই পরিষদকে বাইপাস করে সংসদীয় কমিটি গঠনের উদ্যোগকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তিনি উল্লেখ করেন, তারা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুইটি শপথ নিয়েছেন এবং জনগণের প্রতি তাদের ওয়াদা রক্ষা করতেই এই পদক্ষেপ নিচ্ছেন।
বিরোধীদলীয় নেতা সতর্ক করে বলেন, জনমতের এমন ব্যাপক সমর্থন উপেক্ষা করলে সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্রের ওপর আস্থা কমে যাবে, যা ভবিষ্যতে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলের এই পদক্ষেপকে নীতিগতভাবে ভুল বলে আখ্যায়িত করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আগেও বৈঠক হয়েছে এবং বিরোধীদল তাদের সদস্য পাঠাবে না বলে জানিয়েছিল, তারপরও সরকার আলোচনার দরজা খোলা রেখেছে।

