সংসদে উত্তপ্ত বার্তা: সংবিধান কমিটি নিয়ে ওয়াকআউট ও মন্ত্রীর জবাব

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ২:২৯ এএম
সংসদে উত্তপ্ত বার্তা: সংবিধান কমিটি নিয়ে ওয়াকআউট ও মন্ত্রীর জবাব

সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে জাতীয় সংসদে সোমবার তীব্র উত্তেজনা দেখা দেয়। গণভোটের রায় বাস্তবায়ন ও নিজেদের দুই শপথের বৈধতা নিয়ে অনড় অবস্থানে থাকা বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর আগে বিরোধীদলের এমন পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ ও ‘আবেগসর্বস্ব’ রাজনীতি হিসেবে উল্লেখ করে কড়া সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগকে ‘গণভোটের রায়কে অপমান’ বলে অভিহিত করেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, জনগণের ৬৮.৬ শতাংশ ভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়েছে, যার সদস্য হিসেবে তারা শপথ নিয়েছেন। তাই সংসদীয় কমিটির মাধ্যমে ওই পরিষদকে বাইপাস করার প্রচেষ্টা তারা মেনে নিতে পারেন না। তিনি স্পষ্ট জানান, নীতিগতভাবে এ কমিটি মানতে না পারায় তারা এর সদস্য হবেন না।

ড. শফিকুর রহমান সতর্ক করে বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো জনমতের প্রতি শ্রদ্ধা। বিপুল ভোটারের এই সিদ্ধান্তকে উপেক্ষা করলে মানুষ ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা হারাবে। এরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা কক্ষ ত্যাগ করেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই পরিস্থিতিতে বিরোধীদলের ‘দুই শপথ’ নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেন এবং আইন ও সংবিধানের ঊর্ধ্বে না যাওয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...