চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, ২ কোটি চাঁদার দাবি, লুট হলো ৩৫ লাখ
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন চন্দনপুর এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে বড় ধরনের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রধারী একদল সন্ত্রাসী ডিজিটাল ডটনেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় তারা কর্মচারীদের বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুটে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন জানান, ঘটনার দুই দিন আগে বিদেশ থেকে একটি ফোন কল আসে। ওই কলে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন নামে এক ব্যক্তি ব্যবসা চালিয়ে যেতে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই দাবি প্রত্যাখ্যান করায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। আদিল বিন মামুন আরও জানান, ফোনে ওই ব্যক্তি নিজেকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দেন এবং স্মার্ট গ্রুপের মালিকের বাসায় গুলি চালানোর ঘটনার কথাও উল্লেখ করে ভীতি প্রদর্শন করেন।
প্রতিষ্ঠানের পরিচালক রিদোয়ানুল কবির জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল দপ্তরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ভেঙে ফেলে। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালাতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলার সাথে জড়িত থাকতে পারে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

