বনানী র্যাম্পে হাঁটুপানি: এলিভেটেড এক্সপ্রেসওয়ের দায় নয়, দায় জলাশয় ভরাটের
রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে যখন জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ চরমে, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পের সামনের সড়কের পানি জমার ঘটনা। গত কয়েকদিন ধরে ওই এলাকায় হাঁটুপানি জমে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ট্রাফিক বিভাগ অনির্দিষ্টকালের জন্য ওই পথটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এমন আধুনিক অবকাঠামোর র্যাম্পের মুখে কেন পানি জমছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদরা জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের নির্মাণগত ত্রুটির কারণে এমনটা হচ্ছে না। এর মূল কারণ হলো সংলগ্ন এলাকার প্রাকৃতিক জলাধার ধ্বংস করা এবং অপরিকল্পিতভাবে সেগুলো ভরাট করে ফেলা। স্থপতি ইকবাল হাবিব বলেন, ছয় বছর আগেও মহাখালী থেকে সেনাবাহিনীর গলফ গ্রাউন্ড পর্যন্ত রেললাইনের দুই পাশে বড় বড় জলাশয় ছিল, যা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় এবং পরবর্তী সময়ে ভরাট করা হয়েছে।
স্থপতি ইকবাল হাবিব আরও জানান, এই জলাশয়গুলোর পানি একসময় নিকুঞ্জ এয়ারপোর্টের পথে বড় জলাধারে পতিত হতো। কিন্তু গত চার-পাঁচ বছরে ক্যান্টনমেন্ট বোর্ড এসব জায়গায় প্রবেশপথ ও সেনা মালঞ্চের মতো স্থাপনা তৈরি করতে এসব জলাধার ভরাট করে দেয়। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় এখন তা র্যাম্পের সামনে জমে জলাবদ্ধতা তৈরি করছে।

