ধানমন্ডি লেকের পানি বেড়ে বিপদসীমায়, তলিয়েছে রবীন্দ্র সরোবর
রোববার শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি ও তার আশপাশে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। সোমবার (১৩ জুলাই) দুপুরের পর অধিকাংশ সড়কের পানি সরে গেলেও ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবর ও ৮ নম্বর ব্রিজের কাছে অবস্থিত লেক টাউন রেস্টুরেন্ট এখনও পানির নিচে ডুবে আছে।
সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে লেকের পানি বিপত্সীমা অতিক্রম করে উপচে পড়েছে। লেকের পাড়ের হাঁটার পথ, উন্মুক্ত মঞ্চ ও আশপাশের স্থাপনাগুলো এখন জলমগ্ন। ফলে লেক এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও লেক কেন্দ্রিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ হাঁটতে বা চলাচল করতে পারছেন না। স্বাভাবিক নিয়মে প্রতিদিন হাজারো দর্শনার্থীতে মুখর থাকা রবীন্দ্র সরোবর ও লেক টাউন রেস্টুরেন্ট এলাকায় সোমবার ছিল নিরবচ্ছিন্ন শূন্যতা। অনেক দর্শনার্থী এসে পানি দেখে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে দুর্ভোগ আরো বাড়তে পারে।

