নিউমার্কেটের জলজট কাটলেও স্বস্তি নেই, ক্রেতাশূন্য বাজারে হতাশ ব্যবসায়ী

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১১:২০ পিএম
নিউমার্কেটের জলজট কাটলেও স্বস্তি নেই, ক্রেতাশূন্য বাজারে হতাশ ব্যবসায়ী

রাজধানীর নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা অবশেষে অনেকটাই কমে এসেছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ওই এলাকা পরিদর্শনে দেখা যায়, নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং দোকানপাটও খোলা হয়েছে। তবে পানি সরে গেলেও ক্রেতার সংখ্যা একেবারেই কম থাকায় ব্যবসায়ীদের মুখে হতাশা ফুটে উঠেছে।

গত রোববার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে নীলক্ষেত মোড় থেকে বিজিবি অভিমুখী সড়কসহ আশপাশের অলিগলি ও আবাসিক এলাকাগুলোতে পানি জমে যায়। এর ফলে আজিমপুর, নতুন পল্টন লাইন, নবাবগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগের শিকার হন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস এই সড়কে আটকা পড়েছিল এবং সারাদিন ভ্যানগাড়িই ছিল যাত্রীদের একমাত্র ভরসা।

সরেজমিনে দেখা গেছে, পানি নেমে যাওয়ার পর নিউমার্কেট ও নিউ সুপার মার্কেটের সব দোকান খুলেছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি অনেক কম। নিউ সুপার মার্কেটের একটি গার্মেন্টস দোকানের কর্মচারী সাজ্জাদ হোসেন জানান, যদিও রাস্তা থেকে পানি নেমে গেছে, তবুও ক্রেতা নেই বললেই চলে। সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র দুই জনের কাছে দেড় হাজার টাকার পোশাক বিক্রি করতে পেরেছেন তিনি। এদিকে নিউমার্কেটের রাস্তায় গাড়ি পার্কিংয়ের দায়িত্বে থাকা নিয়ামত আলী জানান, টানা দুই দিনের বৃষ্টিতে ইজারার এক টাকাও আয় হয়নি। আজ বিকেল থেকে কিছু গাড়ি আসায় চার-পাঁচটি গাড়ির পার্কিং ফি আদায় করতে পেরেছেন।

গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টারের সামনের সড়কে গতকাল যেখানে বাস আটকা পড়েছিল, সেখানে এখন কয়েকটি প্রাইভেটকার পার্কিং করা দেখা গেছে। সড়কে পানি না থাকায় মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...