স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশোধন কমিটি, প্রতিবাদে বিরোধীদের ওয়াকআউট
সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং জনগণের মতামতের অপমানের অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
ওয়াকআউটের পূর্বে সংসদে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের দুটি শপথ রয়েছে, যা বর্তমান আছে। ওই শপথ এবং গণভোটের মাধ্যমে জনগণের প্রদত্ত ম্যান্ডেটকে বাইপাস করে কমিটি গঠন করা হলে তা তারা মেনে নেবেন না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের মতামত উপেক্ষা করলে ভবিষ্যতে মানুষ শুধু আস্থা হারাবে না, বরং বিদ্রোহী হয়ে উঠবে।
জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো হচ্ছে না উল্লেখ করেই তারা সংসদ থেকে বেরিয়ে যান বলে জানান ডা. শফিকুর রহমান। নতুন এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

