ছাত্রকে এক বছর ধরে বলাৎকারের অভিযোগ, ফতুল্লায় গ্রেফতার মাদরাসা শিক্ষক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে টানা এক বছর ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং একই মাদরাসায় শিক্ষকতা করতেন।
জানা যায়, হাফেজি সম্পন্ন করার পর কোরআন ভালোভাবে মুখস্থ করার উদ্দেশ্যে প্রায় এক বছর আগে ভুক্তভোগী কিশোর ওই মাদরাসায় ভর্তি হয়। ভর্তির পর থেকেই ভয়ভীতি দেখিয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালাতেন রফিকুল ইসলাম। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতেও ছাত্রটিকে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছেলেকে বাসায় নিয়ে আসেন তার মা। সেখানে আসল ঘটনা জানতে পেরে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদরাসায় গিয়ে শিক্ষককে ঘেরাও করেন।
এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে মারধর শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান এবং দ্রুত পুলিশি ব্যবস্থার অনুরোধ করেন। ওই কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল আল-আমিন। এরপর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য ফতুল্লা থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে বিষয়টি জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। অভিযোগ তদন্তে আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

