রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৭১, উদ্ধার মাদক ও অস্ত্র

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১:৪২ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৭১, উদ্ধার মাদক ও অস্ত্র

রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযানের অংশ হিসেবে ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এ তথ্য নিশ্চিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলায় এদের গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। বিভাগ ভিত্তিক গ্রেফতারের সংখ্যার মধ্যে মিরপুর ও তেজগাঁও বিভাগে সর্বোচ্চ ৭৮ জন করে গ্রেফতার হয়েছেন। এছাড়া মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, রমনা বিভাগে ৫৩ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৪৩ জন করে, লালবাগে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে ৯ জনকে আটক করা হয়।

অভিযানে পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ছয় ক্যান দেশীয় হান্টার বিয়ার জব্দ করা হয়। এছাড়াও চাকু, ছুরি, চাপাতি, হাসুয়া, কার্টার ও স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় চুরি যাওয়া একটি সিএনজি, পাঁচটি মোবাইল সেট, দুইটি টেলিভিশন ও একটি মাইক্রোওভেন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি কর্মকর্তা আরও জানান, এই অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং ১৫৫০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...