বৃষ্টিকবলিত চট্টগ্রামে ১০ হাজার পরিবারের মাঝে মেয়র শাহাদাতের ত্রাণ বিতরণ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। গত শুক্রবার (১০ জুলাই) তিনি নগরের পাঁচলাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং রান্না করা খাবার ও শুকনো খাবার পৌঁছে দেন।
এ সময় মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তারা মিলে পাঁচলাইশের ৩ নম্বর ওয়ার্ডের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কসংলগ্ন ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজীপাড়া, বেলতলা ও শহীদনগরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
ডা. শাহাদাত হোসেন জানান, অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ত জলাবদ্ধতা মোকাবেলায় সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। বৃষ্টি শুরুর পর থেকে মেয়রের উদ্যোগে নগরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেয়র আরও বলেন, মানুষের জীবন ও নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

