বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা বাড়াতে ১১০ প্রতিষ্ঠানে বিশেষ প্রশিক্ষণ
বিশ্ববাজারে দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি কোর্সের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বৈদেশিক শ্রমবাজার সুসংহত ও সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদী ৫৫টি কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশের ভাষাগত সমস্যা সমাধানে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান ও ইতালিয়ান ভাষায়ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে উপজেলা পর্যায়ে টিটিসি নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিএমইটির অধীনে প্রস্তাবিত ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এসব কেন্দ্র স্থাপন করা হবে, যার মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

