বিদেশে চাকরির প্রস্তুতি: ১১০ প্রতিষ্ঠানে চলছে দক্ষতা প্রশিক্ষণ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে বর্তমানে ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি ভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে এই কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী জানান, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি গন্তব্য দেশগুলোর ভাষা শেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চীনা, জার্মান এবং ইতালীয় ভাষা। এতে বিদেশগামীদের ভাষাগত বাধা দূর হবে এবং বৈদেশিক শ্রমবাজার সুরক্ষিত থাকবে।
এই প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। উপজেলা পর্যায়ে টিটিসি নির্মাণের ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশাসহ ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

