বিদেশে যাওয়ার আগে ১১০ কেন্দ্রে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ
বৈদেশিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন মোট ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশগামীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মন্ত্রী জানান, বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়াও গন্তব্য দেশের ভাষাগত বাধা দূর করতে আরবি, জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান ও ইটালিয়ান ভাষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়ও এমন একটি কেন্দ্র স্থাপন করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে বৈদেশিক শ্রমবাজার সুরক্ষিত হবে এবং কর্মীরা আরও বেশি সুযোগ পাবেন।

