বিদেশে কর্মী প্রেরণে দক্ষতা বাড়াতে ১১০ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কোর্স পরিচালনা করছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এই কার্যক্রম চালানো হচ্ছে।
মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সুরক্ষা ও সম্প্রসারণের লক্ষ্যে স্বল্প এবং দীর্ঘমেয়াদী—এই ৫৫টি কোর্সের মাধ্যমে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গন্তব্য দেশগুলোর ভাষাগত সমস্যা দূর করতে বিদেশগামীদের আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান ও ইতালিয়ান ভাষায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে টিটিসি নির্মাণ কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

