বিদেশে কাজের উপযোগী দক্ষ কর্মী তৈরিতে ১১০ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি ভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিচ্ছে, যাতে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা সম্ভব হয়। গত বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান। তখন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মন্ত্রী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু কারিগরি দক্ষতাই নয়, বিদেশ গমনেচ্ছুদের গন্তব্য দেশের ভাষা শেখানোরও ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চীনা (ক্যান্টনিজ ও ম্যান্ডারিন), জার্মান এবং ইতালীয় ভাষা। এটি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।
আরও জানা যায়, প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় একটি কেন্দ্র স্থাপন করা হবে। এসব উদ্যোগ বৈদেশিক শ্রমবাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

