বায়রার নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ১১:২৭ পিএম
বায়রার নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর

জনশক্তি রপ্তানি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর সংগঠনটির ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসক পরিচালনার অবসান ঘটে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী, আগামী দুই বছরের জন্য একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিনজন ভাইস-প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেলসহ মোট ২৭ জন পদাধিকারী নির্বাচিত হবেন।

এর আগে সংগঠনটির গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে হাইকোর্ট ২০২৪ সালের সেপ্টেম্বরে তৎকালীন কমিটির কার্যক্রম স্থগিত করেছিলেন। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনে ব্যর্থতার কারণে সরকার পক্ষ থেকে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সেই প্রশাসকের তত্ত্বাবধানেই বায়রার কার্যক্রম চলছে।

সরকারি প্রশাসকের অধীনে থাকা অবস্থাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নতুন নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড এই ভোট আয়োজনের দায়িত্ব পালন করছে। নির্বাচন বোর্ডের প্রধান হিসেবে ফিরোজ আল মামুন এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...