ভূমিধস ঝুঁকিতে ২২১ পরিবারকে নিরাপদে সরিয়েছে সেনাবাহিনী
পার্বত্য চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যে ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে তারা। এছাড়াও বন্যা ও ধসে আটকে পড়া বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দুর্গত এলাকায় কাজ করছে সেনাসদস্যরা। পাহাড়ধস ও জলাবদ্ধতায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে ভারী যন্ত্রপাতি ও প্রকৌশলী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বাধা দূর করে সড়কগুলো যান চলাচলের উপযোগী করা হচ্ছে।
উদ্ধার অভিযানের অংশ হিসেবে বান্দরবান থেকে ১৪০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এছাড়া সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বাকি পর্যটকদেরও ধাপে ধাপে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী দুর্গত এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং চাল, ডাল, তেলসহ ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছে।
সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনে পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানিয়েছে আইএসপিআর।

