অনলাইনে পিস্তল বিক্রির অভিনব কৌশল, হোম ডেলিভারির প্রলোভন
সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির এক আশ্চর্য প্রবণতা দেখা দিয়েছে। সম্প্রতি কয়েকটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে পিস্তল, গুলি ও ম্যাগাজিন সাধারণ পণ্যের মতো প্রদর্শন করা হচ্ছে। এমনকি হোম ডেলিভারির মাধ্যমে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে এসব ক্ষেত্রে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বিছানার ওপর পিস্তল ও গুলি সাজিয়ে রাখা হয়েছে এবং একটি ভিডিওতে বন্দুক দিয়ে গুলি ছোড়ার দৃশ্যও তুলে ধরা হয়েছে। অন্য ফুটেজে কারখানার মতো কোনো স্থানে অস্ত্রের যন্ত্রাংশ তৈরির দৃশ্য দেখানো হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির প্রচারে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই কুচক্রামিরা সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করতে এবং অস্ত্রের সহজলভ্যতা তুলে ধরতেই এমন প্রচারণা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত নজরদারি ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্তের কাজ করছে। এছাড়া হারিয়ে যাওয়া বা লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারেও সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

