সেনাবাহিনীর মহড়ায় প্রথমবারের মতো অংশ নিল আনসার-ভিডিপি

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৯:৪৪ পিএম
সেনাবাহিনীর মহড়ায় প্রথমবারের মতো অংশ নিল আনসার-ভিডিপি

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবারই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক গ্রীষ্মকালীন মহড়ায় অংশ নিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। গত বৃহস্পতিবার (৯ জুলাই) গাজীপুরের রাজেন্দ্রপুরে অনুষ্ঠিত এই মহড়া পরিদর্শন করেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি সেনা সদস্য ও আনসারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মহড়ার বিভিন্ন অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন।

জানা গেছে, সেনাবাহিনীর এবারের ১০ দিনব্যাপী ‘গ্রীষ্মকালীন মহড়া-২০২৬’ ৫ জুলাই শুরু হয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব সামরিক বিভাগে একযোগে চলছে। উপজেলা ও থানা পর্যায়ের সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যদের এই মহড়ায় অংশগ্রহণের আগে তিন দিনের বিশেষ ‘অন দ্য জব ট্রেনিং’ (ওজেটি) দেওয়া হয়। প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ এবং ফার্ম বেস স্থাপনের মতো বাস্তবসম্মত যুদ্ধকৌশল অনুশীলন করানো হয়।

পরিদর্শনকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মহড়ার কৌশলগত পরিকল্পনা ও সদস্যদের প্রস্তুতি সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন। আনসার-ভিডিপির মহাপরিচালক মহড়ার সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ এর আওতায় জনগণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতেই সেনাবাহিনীর সঙ্গে এই সমন্বয় সাধিত হয়েছে। বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনগুলোকে পুনর্গঠন ও আধুনিকায়ন করার ফলে এই ঐতিহাসিক অংশগ্রহণ সম্ভব হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...