বোরো মৌসুমে ধান সংগ্রহের রেকর্ড লক্ষ্যমাত্রা ৫ লাখ টন: সংসদে প্রতিমন্ত্রী
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ব্যাপক পরিসরে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। চলতি বোরো মৌসুম-২০২৬-এর জন্য ৫ লাখ মেট্রিক টন ধান এবং মোট ১৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এবার ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত সত্ত্বেও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গম ও চাল আমদানি অব্যাহত রেখেছে সরকার।
খাদ্য প্রতিমন্ত্রী আরও জানান, গত আমন মৌসুমে খাদ্য নিরাপত্তা মজুদ বৃদ্ধির অংশ হিসেবে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অধিক পরিমাণে ধান ও চাল সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলায় কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি ও জলবায়ু বিষয়ক তথ্য একীভূত করে ‘মাল্টি-সেক্টোরাল ফুড সিকিউরিটি রিস্ক মডেলিং ফ্রেমওয়ার্ক’ চালুর পরিকল্পনা রয়েছে।

