ত্রয়োদশ সংসদে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম-২ আসনের বিএনপি দলীয় নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শপথ শেষে প্রথা অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে সই করেন নবনির্বাচিত এই সাংসদ।
এদিন আগেই চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে এমপি হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ তার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে কোনো আইনি বাধা নেই মর্মে রায় প্রদান করেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন জামায়াত প্রার্থীর আইনজীবী।

