জ্বালানি নিরাপত্তা ও জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে নতুন সহযোগিতার সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা, প্রাইম বার্তা: দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সাথে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব এসেছে সরকারের পক্ষ থেকে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি এ আলোচনায় অংশ নেন। জ্বালানির পাশাপাশি দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি এবং জনশক্তি খাতে কাজ করার বিষয়েও ঐকমত্য পোষণ করেছে।
বৈঠকের শুরুতেই দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি উত্তর আফ্রিকার এই তেল-সমৃদ্ধ দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ বর্তমানে জ্বালানি মজুদ ও সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎসের দিকে ঝুঁকছে, যেখানে আলজেরিয়া একটি সম্ভাব্মান অংশীদার হতে পারে।
আলোচনায় ওষুধশিল্প, মৎস্য ও জলজ চাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি রপ্তানির বিষয়ও গুরুত্বের সাথে উত্থাপন করা হয়। বিশেষ করে দক্ষ ও অর্ধদক্ষ কর্মীদের আলজেরিয়ার শ্রমবাজারে পাঠানোর ব্যাপারে আগ্রহ দেখায় ঢাকা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথ পরামর্শক কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধির প্রয়োজনীয়তারও কথা জানান প্রতিমন্ত্রী।

