সাভারে বোমা হামলা: নাহিদের বক্তব্য রাজনৈতিক বললেন জাহেদ উর রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ১:২৩ পিএম
সাভারে বোমা হামলা: নাহিদের বক্তব্য রাজনৈতিক বললেন জাহেদ উর রহমান

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলার ঘটনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগ তুলেছেন, তাকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন নেতার মুখে এমন বক্তব্য প্রত্যাশা ছিল না।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম প্রশাসনের সহযোগিতায় এই হামলা হয়েছে বলে দাবি করলেও জাহেদ উর রহমান তা মানতে রাজি হননি। তিনি বলেন, নাহিদ ইসলাম তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এটা তার অধিকার। তবে তিনি যেহেতু গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই তার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেছিলেন বলেও জানান সরকারের এই উপদেষ্টা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করার বিষয়টি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ঘটনার এখনো ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। অপরাধীদের গ্রেফতারে সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। তিনি নিশ্চিত করেন যে, রাষ্ট্র যথেষ্ট সতর্কতা অবলম্বন করলেও কখনো কখনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে, তবে এ সরকার ঘটনাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...