বৃষ্টিতেও থামবে না পরিচ্ছন্নতা: চসিকের ৩৩০০ কর্মীকে রেইনকোট

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ১১:৩১ এএম
বৃষ্টিতেও থামবে না পরিচ্ছন্নতা: চসিকের ৩৩০০ কর্মীকে রেইনকোট

বর্ষাকালীন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় সাড়ে তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট প্রদান করা হয়েছে। গত সোমবার (৬ জুলাই) নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে এই পরিচ্ছন্নতাকর্মীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার জন্য তাদের নিরলস কাজ অব্যাহত রাখা প্রয়োজন। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যেন কোনোভাবেই পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই তাদের মধ্যে এই বিশেষ পোশাক দেওয়া হচ্ছে। তিনি সকল কর্মীকে কঠোর পরিশ্রম ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন এবং কাজে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন মেয়র। তিনি জানান, খোলা ট্রাকে আবর্জনা বহন করলে তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায় এবং রাস্তাঘাটে ময়লা পড়ে পরিবেশ দূষণ ঘটে। তাই ট্রাকে বর্জ্য ঢেকে নিয়ে পরিবহনের নিয়ম মানতে হবে। চট্টগ্রামকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...