চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি: ৩৩০ মিলিমিটারে তলিয়ে নগরী, পাহাড়ধসের ঝুঁকি
টানা ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর চকবাজার, উত্তর আগ্রাবাদ, কমার্স কলেজ রোড, হালিশহর, ইপিজেড, বন্দর, পাঠানটুলি, চান্দগাঁও ও পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও বলেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যাতে জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। কাপাসগোলা এলাকার বাসিন্দা শহীদুল হক ও কাতালগঞ্জের মাসুদ ফরহান জানান, পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, নগরজুড়ে পানি নিষ্কাশনের কাজ চলছে। কয়েকটি স্থানে সাময়িক প্রতিবন্ধকতা থাকলেও বৃষ্টি কমে এলে দ্রুত পানি নেমে যাবে। আগামী দিনেও বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

