জুনে বিজিবির হানা: ৩০৭ কোটি টাকার মাল-সহ ৫৪৪ জন আটক

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ২:০০ পিএম
জুনে বিজিবির হানা: ৩০৭ কোটি টাকার মাল-সহ ৫৪৪ জন আটক

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে জুন মাসে ব্যাপক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে প্রায় ৩০৭ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫৪৪ জনকে আটক করেছে বিজিবি।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫ কেজি ৫৯২ গ্রাম সোনা, প্রায় ১৮ হাজার শাড়ি, সাড়ে ৯ হাজার তৈরি পোশাক, প্রায় ২ লাখ কসমেটিকস, প্রায় ১৮ লাখ আতশবাজি, ৭ হাজারের বেশি ঘনফুট কাঠ, প্রায় ১ লাখ কেজি কয়লা, প্রায় ৫৩ হাজার কেজি জিরা, প্রায় ১৯ হাজার কেজি চিনি, প্রায় ১১ লাখ চিংড়ি মাছের পোনা এবং প্রায় ৬ লাখ ওষুধ। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোন, যন্ত্রাংশ ও যানবাহন।

মাদকবিরোধী অভিযানে ৩৭ লাখের বেশি ইয়াবা, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিস্টাল মেথ, ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, প্রায় ১ হাজার ৭১০ কেজি গাঁজা, প্রায় ১ লাখ ৮৫ হাজার নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং প্রায় ২৪ হাজার বোতল সিরাপ জব্দ করা হয়েছে। এই অভিযানে অস্ত্র হিসেবে উদ্ধার করা হয়েছে ৮টি পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, ২টি মাইন, ৬টি গ্রেনেড ও ৬টি অন্যান্য অস্ত্র।

চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১২ জনকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ বাংলাদেশি, ১ জন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...