বর্ষায় পরিচ্ছন্নতা বজায় রাখতে ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৬:৫০ এএম
বর্ষায় পরিচ্ছন্নতা বজায় রাখতে ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

বর্ষা মৌসুমে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে প্রায় তিন হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৬ জুলাই) টাইগারপাসে চসিকের প্রধান কার্যালয়ে এই রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে এই কর্মীদের অবদান সবচেয়ে বেশি। নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান তাদের ঘামের ওপর অনেকাংশে নির্ভর করে। তাই বৃষ্টির কারণে কাজ যেন বন্ধ না হয়, সে জন্য তাদের বিশেষ সুরক্ষা হিসেবে এই রেইনকোট দেওয়া হচ্ছে। তিনি সবাইকে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকারও নির্দেশ দেন।

দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মেয়র। একই সাথে তিনি বর্জ্য বহনকারী ট্রাকে আবর্জনা ঢেকে রাখার নির্দেশ দিয়ে বলেন, খোলা ট্রাকে ময়লা বহন করলে দুর্গন্ধ ছড়ায় ও সড়কে ময়লা পড়ে পরিবেশ দূষিত হয়। নির্ধারিত নিয়ম মেনেই বর্জ্য পরিবহন নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানান তিনি। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...