জাল ভিসায় ৭৬ যাত্রী: বোর্ডিং পাস ইস্যুতে বিমানের নীরবতায় প্রশ্ন

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৬:০৪ এএম
জাল ভিসায় ৭৬ যাত্রী: বোর্ডিং পাস ইস্যুতে বিমানের নীরবতায় প্রশ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংঘবদ্ধ মানবপাচার চক্রের ৭৬ জন সদস্যকে মালয়েশিয়ায় পাঠানোর ছক ব্যর্থ হয়েছে। গত শনিবার (৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভুয়া ভিসা ও বডি কন্ট্রাক্ট ব্যবহার করে এই অবৈধ যাত্রার চেষ্টা করা হয়। বোর্ডিং গেটে গোপন কোডের অমিল ও যাত্রীদের সন্দেহজনক আচরণের কারণে সতর্ক হন বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা। এরপরই পাসপোর্ট ও ভিসার নামের সঙ্গে অমিল ধরা পড়লে পুরো পরিকল্পনা ফাঁস হয়ে যায়।

ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটের জন্য নির্ধারিত গোপন কোড ছিল ‘শাপলা’। তবে বোর্ডিং গেটে উপস্থিত হয়ে অনেকেই এই কোড বলতে ব্যর্থ হন। গোয়েন্দা নজরদারির কারণে ঘটনা প্রকাশ পেলে আতঙ্কে আরও ১০ জন যাত্রী বিমানবন্দর ছেড়ে পালানোর চেষ্টা করলেও তাদের শনাক্ত করা হয়। এর বাইরে চেক-ইন কাউন্টারে অপেক্ষমাণ অন্য ৬১ জন যাত্রী পরিস্থিতি বুঝতে পেরে টিকিট বাতিল করে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় সরকারি বিমান সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। জাল ভিসায় কীভাবে এত সংখ্যক যাত্রী টিকিট ও বোর্ডিং পাস সংগ্রহ করলেন, তা নিয়ে বিমান কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশের বিশেষ শাখা (এসবি), সিভিল এভিয়েশন ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, বিমানবন্দরের অভ্যন্তরে এই চক্রের সঙ্গে প্রভাবশালী কোনো সিন্ডিকেট জড়িত থাকতে পারে, যারা অর্থের বিনিময়ে এসব অবৈধ পাস ইস্যু করিয়ে দেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...