বৃষ্টির বাধা কাটিয়ে কাজ চালিয়ে যেতে ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক
বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম যেন কোনোভাবেই থেমে না যায়, সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রায় ৩ হাজার ৩০০ জন পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট প্রদান করেছে। গত সোমবার (৬ জুলাই) চসিকের প্রধান কার্যালয় টাইগারপাসে এই রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগর গড়ার ক্ষেত্রে এই কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারী বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে যেন শহরের পরিচ্ছন্নতা কাজে কোনো বিঘ্ন না ঘটে, সে কারণেই তাদের এই সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি সকল কর্মীকে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে জানান, কাজে গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মেয়র। তিনি বলেন, খোলা ট্রাকে আবর্জনা বহন করলে তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং রাস্তায় ময়লা পড়ে পরিবেশ দূষিত হয়। তাই নির্ধারিত নিয়ম মেনে ট্রাকে আবর্জনা ঢেকে নিয়ে পরিবহন করতে হবে। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা উপস্থিত ছিলেন।

