জাল ভিসায় ৭৬ যাত্রী: কোড ফাঁসে পণ্ড হলো মালয়েশিয়া যাওয়ার চক্রান্ত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় মানবপাচার চক্রের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় ৭৬ জন বাংলাদেশিকে জাল ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া পাঠানোর জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেট ওত পেতে ছিল। তবে বোর্ডিং গেটে গোপন কোড বা সংকেতের গরমিল ধরা পড়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারির কারণে এই চক্রান্ত ফাঁস হয়ে যায়।
গত ৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালয়েশিয়াগামী বিজি-৩৮৬ ফ্লাইটের জন্য নির্ধারিত গোপন কোড ছিল ‘শাপলা’। কিন্তু বোর্ডিং গেটে দায়িত্বরত কর্মকর্তারা যখন ওই কোড জানতে চান, তখন অনেকেই তা বলতে পারেননি। এরপরই তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করলে বিস্তর অনিয়মের তথ্য পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে ৬১ জন যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন এবং অন্য ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও বিমানের অভ্যন্তরীণ তদন্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এই ঘটনার পর থেকে শুরু হয়েছে তদন্ত। একাধিক গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখা (এসবি) জানতে চাইছে, এত বড় একটি দল কীভাবে জাল ভিসায় বিমানের টিকিট ও বোর্ডিং পাস সংগ্রহ করল। কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই টিকিট ইস্যু হয়েছে এবং বিমানের কোনো প্রভাবশালী কর্মকর্তা এতে জড়িত আছেন কিনা—সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

