জাল ভিসায় ৭৬ জনের বোর্ডিং পাস, বিমানের দায়িত্বে প্রশ্ন
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় মানবপাচার চক্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গত ৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটে জাল ট্যুরিস্ট ভিসায় ৭৬ জন যাত্রীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেয়া হয়। তবে বোর্ডিং গেটে গোপন কোডের অমিল ও যাত্রীদের অস্বাভাবিক আচরণের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে এই চক্রটির কার্যকলাপ প্রকাশ্যে আসে।
জানা গেছে, ওই ফ্লাইটের যাত্রীদের জন্য নির্ধারিত গোপন কোড ছিল শাপলা। কিন্তু বোর্ডিং গেটে দায়িত্বরত কর্মকর্তারা কোডটি জিজ্ঞাসা করলে অধিকাংশ যাত্রীই তা বলতে ব্যর্থ হন। এরপর তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করলে ব্যাপক অসংগতি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে চেক-ইন কাউন্টারে অপেক্ষমান আরও ৬১ জন যাত্রী আতঙ্কে বিমানবন্দর থেকে পালিয়ে যান। অন্যদিকে, প্রাথমিকভাবে শনাক্ত ১০ যাত্রীকে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকে বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষ শাখা ও সংশ্লিষ্ট নিরাপত্তা ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠেছে, কোন ট্রাভেল এজেন্সি একসঙ্গে এত বড় একটি গ্রুপের টিকিট কাটল এবং জাল ভিসায় কীভাবে বিমান কর্তৃপক্ষ তাদের বোর্ডিং পাস ইস্যু করল। অভিযোগ উঠেছে, এই চক্রের সঙ্গে বিমানের অভ্যন্তরে কোনো প্রভাবশালী কর্মকর্তা জড়িত থাকতে পারেন, যার কারণে এত বড় গরমিল ঘটেছে।

