বর্ষায় পরিচ্ছন্নতায় বিঘ্ন ঘটবে না, ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ১১:৩৬ পিএম
বর্ষায় পরিচ্ছন্নতায় বিঘ্ন ঘটবে না, ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মাঝেও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম যেন স্বাভাবিক গতিতে চলতে পারে, সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় সাড়ে তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অনস্বীকার্য। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান নির্ভর করে তাদের নিরলস পরিশ্রমের ওপর। তিনি জানান, ভারী বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিচ্ছন্নতা কাজে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য তাদের এই রেইনকোট দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি সকল কর্মীকে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মেয়র। তিনি বলেন, খোলা ট্রাকে বর্জ্য পরিবহন করলে তা রাস্তায় পড়ে পরিবেশ দূষিত হয় এবং দুর্গন্ধ ছড়ায়। তাই ট্রাকে বর্জ্য ঢেকে রেখেই পরিবহন করতে হবে। পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে প্রশাসন ও নগরবাসীকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...