রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বিশ্লেষকরা। তারা বলেন, এই সংকট এখন দ্বিপাক্ষিক বিরোধের বাইরে এসে মানবাধিকার, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশের জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটস (বিআইআইটি)-এ সোমবার ‘ন্যাভিগেটিং রোহিঙ্গা ক্রাইসিস: ইজ রিপ্যাট্রিয়েশন আ ডিস্ট্যান্ট ড্রিম?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। তুরস্কের সাবেক প্রেসিডেনশিয়াল চিফ অ্যাডভাইজার ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, রোহিঙ্গাদের পাশে তুরস্ক সবসময় ছিল এবং থাকবে। তিনি প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অঙ্গনের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্যসেবার মতো মানবিক সহায়তা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, রোহিঙ্গা ট্র্যাজেডি মুসলিম বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সংকট কক্সবাজার ও ভাসানচরের পরিবেশ ও নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে। এর সমাধানে জাতিসংঘ, আসিয়ান এবং ওআইসির মতো সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে।

