সামুদ্রিক দূষণ রোধে বড় পদক্ষেপ, এবার ৩ আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৮:০৯ পিএম
সামুদ্রিক দূষণ রোধে বড় পদক্ষেপ, এবার ৩ আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ

সামুদ্রিক পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই যোগদানের দলিল আইএমওর মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজের কাছে হস্তান্তর করেন। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, দেশের সামুদ্রিক আইনি কাঠামোকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ যে তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে সেগুলো হলো: আন্তর্জাতিক তেল দূষণজনিত ক্ষতির দায়বদ্ধতা বিষয়ক ১৯৯২ প্রোটোকল (সিএলসি প্রোটোকল), বাঙ্কার তেল দূষণজনিত ক্ষতির দায়বদ্ধতা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ২০০১ এবং নাইরোবি আন্তর্জাতিক রেক অপসারণ কনভেনশন ২০০৭। এই চুক্তিগুলোর মূল লক্ষ্য হলো সমুদ্রপথে নিরাপদ বাণিজ্য ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।

প্রতিদিন বাংলাদেশের জলসীমায় অসংখ্য জাহাজ চলাচল করে, যার ফলে তেল নিঃসরণ বা জাহাজডুবির ঝুঁকি থাকে। এই নতুন কনভেনশনগুলো কার্যকর হলে দুর্ঘটনার ক্ষেত্রে দায় নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়া আগের চেয়ে অনেক সহজ হবে। এটি বাধ্যতামূলক বিমা এবং নির্ধারিত আর্থিক তহবিলের মাধ্যমে দীর্ঘমেয়াদী আইনি জটিলতা কমিয়ে দ্রুত সমাধান নিশ্চিত করবে, যা দেশের নৌচলাচল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ইতিবাচক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...