স্থানীয় নির্বাচন: সরকারের সঙ্গে আলাপ ছাড়াই তফসিল অসম্ভব

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৭:০৯ পিএম
স্থানীয় নির্বাচন: সরকারের সঙ্গে আলাপ ছাড়াই তফসিল অসম্ভব

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, সীমানা নির্ধারণ ও জটিলতা নিরসনে প্রশাসনের সাথে আলোচনা ছাড়া এ মুহূর্তে নির্দিষ্ট সময়সূচি দেওয়া যৌক্তিক হবে না। তবে আগামী অক্টোবরকে সামনে রেখেই কাজ এগিয়ে নিচ্ছে কমিশন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাছউদ বলেন, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা সংক্রান্ত জটিলতা দূর করতে সরকারকে চিঠি দিয়ে তালিকা চাওয়া হবে এবং দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানানো হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও জেলা পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান বর্তমানে শূন্য রয়েছে। আইনগত বাধ্যবাধকতা থাকলেও সবগুলো একসাথে সম্পন্ন করা সম্ভব নয়। বাস্তবতার নিরিখে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়া জরুরি, কারণ উপজেলা পরিষদ গঠনের জন্য এদের সদস্যদের প্রয়োজন হয়। তবে সিটি কর্পোরেশনগুলো প্রশাসক দিয়ে চালু আছে।

জনগণের চাহিদা ও অসুবিধার বিষয়টি বিবেচনা করে সরকারের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব মহলের ইতিবাচক মনোভাব প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও যেন সুষ্ঠু হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...