রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর আরও সক্রিয় হওয়ার আহ্বান
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের প্রতি কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটে (বিআইআইটি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা এই মত প্রকাশ করেন। বক্তারা বলেন, এই সংকট এখন দ্বিপাক্ষিক সীমানা ছাড়িয়ে মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে।
সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগের (সিসিডি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের সাবেক প্রধান উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। তিনি বাংলাদেশের প্রতি তুরস্কের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে হলে বিশ্ববাসীকে আরও সক্রিয় হতে হবে এবং আশ্রিতদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
সভাপতি ও বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, রোহিঙ্গা ট্র্যাজেডি মোকাবিলায় আন্তর্জাতিক সংহতি ও কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে এই সংকট কক্সবাজার ও ভাসানচরের পরিবেশ ও নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে, যা অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের মতো সমস্যায় ইন্ধন যোগাচ্ছে। তাই জাতিসংঘ, আসিয়ান ও ওআইসির মতো সংস্থাগুলোকে এক হয়ে এই দায়িত্ব পালন করতে হবে।

