উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হলো গ্রাম ও পল্লির উন্নয়ন। এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে উন্নয়নের মূলধারায় সবাইকে নিয়ে আসা সরকারের লক্ষ্য। এর জন্য পল্লি উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—যা সরকারের উন্নয়ন দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং কৃষি ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সেই সময়ও কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমেই দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

