গ্রামীণ উন্নয়নেই সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গ্রাম ও পল্লিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি জানান, জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চায় এবং এ লক্ষ্যে পল্লি উন্নয়নকে ভিত্তি ধরে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া অসম্ভব। এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শন ও জনগণের প্রত্যাশার প্রতিফলন। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন, যারা কৃষি ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই পল্লি উন্নয়ন কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়, বরং টেকসই অর্থনীতির অন্যতম ভিত্তি।
তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচিতেও গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। গ্রামীণ জনগোষ্ঠীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

