পল্লি উন্নয়নেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত: প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সোমবার (৬ জুলাই) পালিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের সার্বিক অগ্রগতির মূল ভিত্তি হলো গ্রাম ও পল্লি। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার প্রতিটি নাগরিককে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চায় এবং এর কেন্দ্রে রয়েছে গ্রামের উন্নতি।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষি, ক্ষুদ্র শিল্প ও স্থানীয় অর্থনীতির মাধ্যমে তারা জাতীয় উন্নয়নে মূখ্য ভূমিকা রাখছেন। এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, উন্নত পল্লি গড়ে তোলা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা অসম্ভব।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে শক্তিশালী করার রূপরেখা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

