ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন এসপি, তিন রেঞ্জে ডিআইজি পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত ৫ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর ও ঝালকাঠি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদেও বড় ধরনের পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশে জনস্বার্থে অবিলম্বে এটি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, ফরিদপুরের সাবেক পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
রেঞ্জ ডিআইজি পর্যায়ের রদবদলের মধ্যে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ এবং বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে যথাক্রমে রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আরেকটি আদেশে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

