ডিজিটাল যুগে তাল মিলিয়ে আইন সংস্কারের ঘোষণা তথ্যমন্ত্রীর
প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি এবং ডিজিটাল ইকোসিস্টেমের ব্যাপক প্রসারের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সকল আইন ও নীতিমালা সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন আধুনিকায়ন ও নতুন আইন প্রণয়ন সংক্রান্ত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে মানুষের জীবনযাত্রা ও সামাজিক আচরণ প্রযুক্তির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রযুক্তি যেমন সুবিধা এনেছে, তেমনি এনেছে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর আইনি কাঠামো তৈরি এখন সময়ের দাবি। তিনি জানান, ইতিমধ্যে বিদ্যমান আইন-কানুন পর্যালোচনার কাজ শুরু হয়েছে এবং কোন খাতে ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে সুপারিশ প্রণয়ন করা হবে।
সভাপতির বক্তব্যে মন্ত্রী আরও উল্লেখ করেন, একসময় মন্ত্রণালয়ের কাজ ছাপা ও ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারে সেই সীমা লুপ্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যেভাবে ডিজিটাল নিরাপত্তায় আইন প্রণয়ন করেছে, সেগুলোর গভীর অধ্যয়ন ও যাচাই করে দেশীয় বাস্তবতায় উপযোগী আইন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

