কারাগারে ডোপ টেস্ট বাধ্যতামূলক, অস্বীকারে কঠোর শাস্তির ঝুঁকি
কারা বিভাগকে মাদকমুক্ত ও শৃঙ্খলাপরাধীন বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের পক্ষ থেকে জারি করা ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপটেস্ট) বিধিমালা, ২০২৬’ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের স্বাক্ষরিত এক আদেশে দেশের সকল কারাগার ও বিভাগীয় কার্যালয়ে কর্মরত সব স্তরের কর্মচারীদের জন্য এই নির্দেশ কার্যকর করা হয়েছে।
এই নির্দেশনা অনুযায়ী, কারা বিভাগে নতুন যারা যোগদান করবেন তাদের জন্য ডোপটেস্টে নেতিবাচক ফলাফল থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, চাকরিরত কোনো কর্মচারীর বিরুদ্ধে মাদক সেবনের সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে পরীক্ষার জন্য পাঠাতে পারবেন। নির্দেশিত পরীক্ষায় অংশ নিতে কোনো কর্মচারী অস্বীকার করলে বা পলায়ন করলে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডোপটেস্টের ফলাফল ইতিবাচক (পজিটিভ) এলে নতুন নিয়োগপ্রাপ্ত আবেদনকারী সরাসরি চাকরির জন্য অযোগ্য বলে গণ্য হবেন। আর চাকরিতে থাকা কোনো সদস্যের রিপোর্ট পজিটিভ আসলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এবং কারা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। এছাড়া, মাদকাসক্ত কর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে। তবে নির্দিষ্ট চিকিৎসায় অংশ নিতে অস্বীকার করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

