জনগণের সান্নিধ্যে থাকতে নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতার ওপর জোর প্রধানমন্ত্রীর
গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনায় সরকার প্রধানকে অবশ্যই জনগণের সানিধ্যে থাকতে হয়—এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনসাধারণের আস্থা ও ভালোবাসাই গণতন্ত্রের মূল চালিকাশক্তি। রোববার (৫ জুলাই) রাজধানীর সেবানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে গুছিয়ে নিতে হবে যেন তা সাধারণ মানুষের চলাচলে বা সরকার প্রধানের জনসংযোগে বাধা সৃষ্টি না করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে জনসভায় যোগ দেওয়ার সময় জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হলেও নাগরিক সুবিধায় হস্তক্ষেপ করা যাবে না। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই ভারসাম্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাবেক ও বর্তমান সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে তারা দেশের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন। এসময় তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের ঘটনার কথা স্মরণ করেন। ওই সময় কর্তব্যরত পিজিআর সদস্যরাও শহীদ হয়েছিলেন উল্লেখ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

