২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই শুভেচ্ছাবার্তটি পাঠানো হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন জনগণকে এই মাইলফলকের জন্য আন্তরিক অভিনন্দন। তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দশকে আরও মহিমান্বিতভাবে এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় এক বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে।
তারেক রহমান জানান, গত পাঁচ দশকে বাণিজ্য, শিক্ষা, প্রতিরক্ষা ও মানুষের সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব শক্তিশালী হয়েছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একইসাথে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, পারস্পরিক স্বার্থে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে তার সরকার ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

