জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পঞ্চম জাতিসংঘ পুলিশপ্রধানদের সম্মেলন বা ‘ইউএন-কপস’-এ অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্তর্জাতিক পুলিশিং ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
রোববার (৫ জুলাই) দিনগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ ভবনে সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে।
নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও সফরকালে অন্যান্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথেও গুরুত্বপূর্ণ পৃথক বৈঠক করবেন তিনি।
এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং শান্তিরক্ষা মিশনের ভবিষ্যৎ অগ্রাধিকার বিষয়ে আলোচনা হবে। সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

