পতেঙ্গায় মিয়ানমারে পাচারের পথরোধ, ৬০০ বস্তা সিমেন্ট ও ৫ পাচারকারী আটক

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ১২:১৮ এএম
পতেঙ্গায় মিয়ানমারে পাচারের পথরোধ, ৬০০ বস্তা সিমেন্ট ও ৫ পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া এক চালান সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই নৌকায় থাকা ৬০০ বস্তা সিমেন্ট এবং পাঁচজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় তিন লাখ টাকার সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ওই নৌকার পাঁচ আরোহীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) এবং মো. বাদশা (২০)। তারা শুল্কফাঁকি দিয়ে এই সিমেন্ট প্রতিবেশী দেশে পাচার করতে চলেছিলেন বলে জানা গেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...